সোমবার বগুড়ায় আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী কোচের ধাক্কায় বিপরীতমুখী একটি ভটভটির আরোহী ৬ জন শ্রমিক নিহত হয়েছে। ভটভটির আরোহী মোট ১১ জন দিনমজুরের মধ্যে বাকি ৫ জন গুরুতর আহত। এছাড়া গতকাল মঙ্গলবার বগুড়ার আদমদীঘি, পাবনার বেড়া ও ব্রা?হ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় আরো ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২১ জন।
বগুড়া অফিস ও কাহালু (বগুড়া) সংবাদদাতা: সোমবার রাতে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেকাহার বাসস্ট্যান্ডের কাছে নওগাঁগামী একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ভটভটির সংঘর্ষে ভটভটিতে থাকা ১১ জন দিনমজুরের মধ্যে ২ জন ঘটনাস্থলে, ১ জন রাস্তায় ও ৪ জন বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। বাকি ৫ জন মজুর গুরুতর আহত। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১১ জন দিনমজুর গত ১৫ দিন আগে ধানকাটা ও মাড়াই কাজ করার জন্য কাহালু উপজেলার কালাই ইউনিয়নের ঝাঁঝাহার গ্রামে আসে। সেখানে ক’দিন কাজ করার পর ২ দিন আগে তারা একই উপজেলার বীরকেদার ইউনিয়নের মদনাই গ্রামে কাজ করার জন্য যায়। এরপর মদনাই গ্রামে ২ দিন কাজ করার পর সেখান থেকে গত সোমবার রাতে ওই ১১ জন দিনমজুর ভটভটিতে চড়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে ঝাঁঝাহার গ্রামে ফেরার সময় রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেকাহার নামক বাসস্ট্যান্ডের কাছে পৌঁছা মাত্র বগুড়ার দিক থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ভটভটির সংঘর্ষ হলে ১১ জন দিনমজুরের মধ্যে তারা মিয়া (৩৫) ও মধু (২২) ঘটনাস্থলেই মারা যায়। লোকমান (৪০), সাদা মিয়া (৪০), দেলোয়ার হোসেন (৭০) ও তার পুত্র আব্দুর রহমান রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। ইউনুস (৪০), ওকিমদ্দিন (৩৮), ছবিজল (৪৫) ও ইউনুস (৩৮) গুরুতর আহত। আহতদের মধ্যে ইউনুস, ছবিজলকে কাহালু হাসপাতালে, ইউনুসকে দুপচাঁচিয়া এবং ওকিমদ্দিনকে রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহত তারা মিয়া ও মধুর লাশ কাহালু থানায় আনা হয়। নিহত তারা মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের নতুন দুলাল গ্রামের কাদিম হোসেনের, মধু একই উপজেলার দক্ষিণ সিচে গ্রামের আজাহারের, লোমকান নতুন দুলাল গ্রামের কাবেজের, সাদা মিয়া একই গ্রামের হাবেজ উদ্দিনের, দেলোয়ার হোসেন জাসিমউদ্দিনের এবং আব্দুর রহমান দেলোয়ার হোসেনের পুত্র বলে জানা যায়। আহতদের সকলের বাড়ি নতুন দুলাল গ্রামে বলে জানা যায়।
বেড়া (সংবাদদাতা): পাবনার বেড়ায় ট্রাক চাপায় প্রবৃত্তি কুমার রাজবংশী (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন এবং রানু রাজবংশী গুরুতর আহত অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বেড়া পাম্প হাউজ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: সরাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পশ্চিম কুট্টাপাড়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। লোকাল বাসের হেলপার আয়েত আলী (৩০) ও যাত্রী জহির মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আয়েত আলী সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের রুক্কু মিয়ার ছেলে। জহির মিয়া কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের চন্ডিবের এলাকার বাসিন্দা ছিলেন। এতে দুই বাসের চালকসহ উভয় বাসের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কাশেম আলী (৩৫) ও সুমন মিয়াকে (৩০) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।