চীনে কয়লা খনিতে আগুন, ২৪ জনের প্রাণহানি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১২:১৯



চীনের একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরো ৫২ জন। বুধবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ফুজিন  কয়লা খনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির দুর্ঘটনা প্রবণ এ শিল্পে এটি ছিল সর্বশেষ ভয়াবহ ঘটনা। খবর সিনহুয়ার।
ফুজিন কয়লা কর্পোরেশনের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে হালকা ধরণের একটি ভূমিকম্প আঘাত হানার পরপরই সেখানে রাখা কয়লার গুঁড়োয় আগুন ধরে যায়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল মাত্র ১.৬।
এতে আরো বলা হয়, সেখানে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং নিরাপত্তার কারণে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
সিনহুয়া জানায়, ১৯৮৭ সালে কয়লা খনিটির উৎপাদন শুরু হয় এবং এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন। খনিটিতে মোট ৪ হাজার ৬৬০ জন কর্মচারি রয়েছে।
উল্লেখ্য, দূর্বল ব্যবস্থাপনার কারণে চীনে এ শিল্পে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।