বরিশালরে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মঙ্গলবার গভীর রাতে এলএম বিউটি অফ ইমা নামক লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় মো. ইউসুফ (৭৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। মৃতু ব্যক্তি পাবনা জেলার আমিনপুর থানার চরগোমরা এলাকার মো. লাবু মিয়ার ছেলে।
লঞ্চের যাত্রী হাবিবুর রহমান জানান, এলএম বিউটি অফ ইমা লঞ্চটি বরিশালের চরমোনাই ঘাটে অধিকাংশ যাত্রী নামিয়ে লক্ষীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বিপরীত দিক থেকে ৭৪জন যাত্রী বহনকরা ট্রলারের সাথে লঞ্চটির ধাক্কা লাগে। এসময় ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়।
তিনি জানান, ট্রলারে থাকা ৭৩ জন যাত্রী নদীতে ঝাপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মো. ইউসুফ নামের ওই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এরপর নিহত যাত্রীসহ ট্রলারের সকল যাত্রীদের তুলে নিয়ে লঞ্চে করে ভোলা জেলার ইলিশা ঘাটে নামিয়ে দেয়া হয়।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বশির উদ্দিন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি লাশ তাদের হেফাজতে রাখা হয়েছে। ময়না তদন্তের পর পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।
