কুমিল্লায় মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ২০:৪০



কুমিল্লায় রংপুর বিসি স্পেশাল নামে মালবাহী একটি ট্রেনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় রেলপথের কুমিল্লা মহানগরীর অশোকতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রংপুর বিসি স্পেশাল নামে মালবাহী একটি ট্রেন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কুমিল্লা নগরীর অশোকতলা রেলগেটের দক্ষিণপার্শ্বে পৌঁছালে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার ফলে কুমিল্লা রেলস্টেশনে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও লাকসাম স্টেশনে ঢাকাগামী মহানগর গোধুলী এক্সপ্রেস আটকা পড়ে। রাত সোয়া আটটায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ট্রেনটি উদ্ধার করার জন্য লাকসাম জংশন থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে রাত ১০টা বাজতে পারে বলে ওই কর্মকর্তা জানান।