ফুলবাড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৫:০৬
দিনাজপুরের ফুলবাড়ি থেকে এশিয়া এনার্জির অফিস প্রত্যাহারসহ সরকারের সাথে খনি বিরোধী আন্দোলনকারীদের সম্পাদিত ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার ফুলবাড়িতে সকাল-সন্ধ্যা সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। ভোর থেকে আন্দোলকারীরা স্থানীয় নিমতলা মোড়ে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। 
অবরোধ চলাকালে ফুলবাড়ির ওপর দিয়ে দিনাজপুর, বগুড়া, রংপুরসহ দেশের কোন স্থানে যানবাহন চলাচল করেনি। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিপূল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
কয়লাখনি বিরোধী অবরোধের সমর্থনে স্থানীয় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি পৌর শহরে লাঠি হাতে  বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ শেষে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে স্থানীয় নিমতলা মোড়ে আয়োজিত খনি বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, জয় প্রকাশ গুপ্ত, হামিদুল হক, এসএম নূরুজ্জামান জামান, শফিকুল ইসলাম শিকদার, কমল চক্রবর্তী, সঞ্জিত প্রসাদ জিতু, নাজের উদ্দিন প্রমুখ। 
সমাবেশ থেকে আগামী ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং ২৭ ডিসেম্বর ফুলবাড়িতে খনি বিরোধী মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে, পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে সম্মিলিত পেশাজীবী সংগঠনের উদ্যোগে পৌর শহরে পৃথক একটি খনি বিরোধী লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে স্থানীয় নিমতলা মোড়ে আয়োজিত খনি বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী সংগঠনের প্রধান সমন্বয়ক ও পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, সদস্য সচিব প্রভাষক শেখ সাবীর আলী, গোলাফফর হোসেন, শাখাওয়াত হোসেন, কবির হোসেন, মেরাজ উদ্দিন প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, অবিলম্বে এশিয়া এনার্জির অফিস ফুলবাড়ি থেকে প্রত্যাহারসহ ৬দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা না হলে আগামীতে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফুলবাড়িকে অচল করে দেয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার (২৬ নভেম্বর) এশিয়া এনার্জির প্রধান গ্যারি এন লাই ফুলবাড়িতে অবস্থানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ফুলবাড়ি কয়লাখনি এলাকার জনগণ। এর প্রেক্ষিতে বিক্ষুদ্ধ জনতা এশিয়া এনার্জির অফিস অবরুদ্ধ করাসহ অফিস ও গ্যারি এন লাইয়ের গাড়ি ভাংচুর চালায়। পরে গণরোষ থেকে রক্ষার জন্য প্রশাসনের উদ্যোগে ঐদিন বেলা আড়াইটায় গ্যারি এন লাই তার সহযোগীদের নিয়ে ফুলবাড়ি ত্যাগ করেন।  
থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম রেজাউল ইসলাম বলেন, গ্যারি এন লাই ফুলবাড়িতে আসার কারণেই বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। গ্যারি এন লাই ফুলবাড়িতে আসার কথা তার জানা ছিল না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গ্যারি এন লাইয়ের ফুলবাড়িতে আসার বিষয়ে তিনি কিছুই জানতেন না।