চট্টগ্রাম সরকারি কলেজের দুটি ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা তিন ঘণ্টা কলেজের শেরে বাংলা ও সোহরাওয়ার্দী হলে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ এক শিবিরকর্মীকে আটক করেছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পেট্রল বোমা, ৬টি ককটেল, বিস্ফোরক পাউডার, ১৬টি হাসুয়া, ৫টি কিরিচ, স্টিলের রড ৬টি, কাঁচের বোতল ২০টি ও লাঠি ৪টি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ইত্তেফাককে জানান, গোপন সংবাদেও ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কলেজের শেরে বাংলা ও সোহরাওয়ার্দী হলে অভিযান চালানো হয়। তল্লাশিকালে হল দুটির বিভিন্ন কক্ষ থেকে উল্লিখিত অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় এক শিবির কর্মীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদেও জন্য থানায় নেয়া হয়েছে।
