কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে হত্যার অভিযোগ থেকে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনকে অভিযুক্ত না করার সিদ্ধান্তকে হূদয়বিদারক বলে উল্লেখ করেছেন ব্রাউনের পরিবারের সদস্যরা। এ দিকে, উইলসনকে অভিযুক্ত করার সিদ্ধান্ত নেয়া, না-নেয়া নিয়ে নতুন গ্র্যান্ড জুরি নিয়োগের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মিসৌরির গভর্নর। খবর এএফপি, আল-জাজিরা ও বিবিসি।
গ্র্যান্ড জুরির ওই সিদ্ধান্তের ব্যাপারে এনবিসি টেলিভিশনকে স্থানীয় সময় বুধবার দেয়া সাক্ষাত্কারে ব্রাউনের মা বলেন, ‘এটা ছিল ঘুমহীন, খুবই কঠিন, হূদয়বিদারক ও অবিশ্বাস্য এক সিদ্ধান্ত।’ ব্রাউনের বাবা জানান— তারা কৃষ্ণাঙ্গ হওয়ার কারণেই জুরি এ সিদ্ধান্ত নিয়েছে। এ সময় তিনি ‘হত্যাকারী’ শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার উপযুক্ত শাস্তি দাবি করেন।
এ দিকে, ব্রাউনকে হত্যায় শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা উইলসনকে অভিযুক্ত করার সিদ্ধান্ত নেয়া, না-নেয়া নিয়ে নতুন গ্র্যান্ড জুরি নিয়োগের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মিসৌরির গভর্নর। স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে গভর্নর জে নিক্সনের বরাত দিয়ে তার একজন মুখপাত্র বলেন, নতুন গ্র্যান্ড জুরির কাছে মামলাটি উপস্থাপন করতে বিশেষ একজন কৌঁসলি আনার কোনো ভাবনা নেই তার।
মিসৌরির ফার্গুসনে গত ৯ আগস্ট শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা উইলসনের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ ব্রাউন (১৮) নিহত হয়। এ ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতিতে ঘটনাটির তদন্তে নামে গ্র্যান্ড জুরি। গত সোমবার তদন্ত শেষে উইলসনকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত ঘোষণা করে গ্র্যান্ড জুরি। এর পরই ফার্গুসনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ দিকে, এ সব বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফার্গুসন এবং এর আশপাশের এলাকায় হঠাত্ করেই বন্দুক বিক্রি বেড়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। তাদের বক্তব্য অনুসারে— বিশেষ করে শ্বেতাঙ্গরা বেশি বন্দুক কিনছেন। আগে যেখানে দিনে তিন থেকে পাঁচটি বন্দুক বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০টি। পুলিশ কর্মকর্তা পল বাস্টেন বলেন, বন্দুকের বিক্রি বেশ বেড়েছে। তিনি আরো বলেন, ‘ফার্গুসনের পরিস্থিতি নিয়ে মানুষের মনে একধরনের ভয় কাজ করছে।’
