চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক পাঁচজনকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেয়ায় ডিবির দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন— খোরশেদ আলম ও মো. আইয়ুব। সিএমপির উপ কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জঙ্গি সন্দেহে আটকদের অনৈতিকভাবে ফোনালাপের সুযোগ দেয়া অপরাধে পুলিশ কমিশনারের নির্দেশে দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার নগরীর নাসিরাবাদ এলাকার একটি হোটেল থেকে জঙ্গি সন্দেহে এক পাকিস্তানি নাগরিকসহ পাঁচজনকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর মহানগর ডিবি অফিসে নিয়ে আসা হলে বরখাস্ত পুলিশ সদস্যরা আটক ব্যক্তিদের তাদের আত্মীয় স্বজনসহ কয়েকজনের সঙ্গে ফোনালাপের সুযোগ করে দেয়।
আটকের পরদিন তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে ১৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআরসি) জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার এই পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
