গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহজাহান আলী গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার হয়েছেন। উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দুপুর (জীবনপুর) গ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকবাসী জানান, ঐ গ্রামের মোস্তাফিজার রহমান লেলিনের সাথে ইয়াছিন আলীর একটি জমি নিয়ে বিরোধ চলতেছিল। বিরোধপূর্ণ ওই জমির ধান কাটা নিয়ে সম্প্রতি পুলিশ তদন্ত কেন্দ্রে মোস্তাফিজার রহমান একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এএসআই শাহজান আলী পুলিশ কনষ্টেবল বেলালকে সঙ্গে নিয়ে ইয়াছিন আলীর বাড়িতে যান। পুলিশের উপস্থিতিতে মোস্তাফিজার ও ইয়াসিন আলীর মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে এএসআই শাহজান আলী ক্ষিপ্ত ইয়াসিন আলীর বাড়ির রান্না ঘরের চুলা ভাংচুর করে তাকে আটক করে চড়-থাপড় মারেন। এসময় তার স্ত্রী, মেয়ে ও বাড়ীর অন্যান্য মহিলারা পুলিশের কাছে আটকের বিষয় জানতে চাইলে এএসআই শাহজাহান আলী ক্ষিপ্ত হয়ে তার মেয়ে ইয়াসমিন আক্তার এলিনাকেও চড়-থাপড় মারেন। এতে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে এএসআই শাহজান আলীকে গণধোলাই দিয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ শাহজানকে উদ্ধার করে।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য ঐ গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ এএসআই শাহজান আলীকে গণধোলাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ শাহজানকে উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
সাদুল্লাপুর ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
