মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শামসুদ্দিন আহম্মেদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ থানার পুলিশ পার্শ্ববর্তী নান্দাইল থানার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সেখানে আত্মগোপন করে থাকা অবস্থায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। একই মামলার অপর আসামি তার বড় ভাই নাছিরউদ্দিন আহম্মেদ (৬২) বর্তমানে পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা কর্তৃক দুই সহোদরের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে দাখিল করা হয়। তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ৪৫০ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন। তদন্তকালে তাদের বিরুদ্ধে মোট ১২ জনকে হত্যাসহ অন্যান্য অপরাধের সত্যতা প্রমাণিত হয় বলে জানা গেছে।
