মেহেরপুর, চট্টগ্রামের রাউজান, সুনামগঞ্জ ও পাবনা হাসপাতালকে নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হবে বলে গত ১৮ সেপ্টেম্বর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতালে নতুনের বদলে পুরোনো একটি অ্যাম্বুলেন্স দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে ২৫০ শয্যার এ হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অধিকাংশ সময় নষ্ট হয়ে পড়ে থাকছে বলে জানা গেছে।
হাসপাতালের প্রধান সহকারী হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, গত ১৩ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবহন পুল থেকে ২০০২ সালে কেনা একটি ব্যবহৃত পাজেরো অ্যাম্বুলেন্স দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় মেহেরপুরসহ সাতটি হাসপাতালকে দেওয়ার জন্য নতুন সাতটি মার্সিডিজ বেঞ্চ অ্যাম্বুলেন্স কিনেছিল। প্রধানমন্ত্রীর দপ্তর সেগুলো রেখে ব্যবহৃত পুরোনো পাজেরো অ্যাম্বুলেন্স দিয়েছে। অ্যাম্বুলেন্স গ্রহণের পনের দিন পর ২৯ অক্টোবর ইঞ্জিনে ত্রুটির কারণে গাড়িটি প্রায়ই নষ্ট হয়ে পড়ে থাকে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অলোক কুমার জানান, ১২ বছরের পুরোনো এই অ্যাম্বুলেন্সটি আগে এক লাখ ৮৬ হাজার ৬৩০ কিলোমিটার চলেছে। গাড়িটি পাওয়ার পর দুবার টায়ার পরিবর্তন ও ইঞ্জিনের ত্রুটি মেরামত করা হয়েছে। বারবার মেরামত করা তাঁদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
