রাজধানীর মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম রাব্বিকে অপহরণ করে পাবনার সাথিয়ায় হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান । এরা হলেন, মিরপুর থেকে গ্রেফতারকৃত শাহনূর শেখ (২২) এবং সাথিয়া থেকে গ্রেফতার বিপ্লব মোল্লা (২৮) ও রাজ প্রামানিক (৩৮)। বৃহস্পতিবার রাতে এদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪’র উপপরিচালক মাসুদুর রহমান জানান, গত ১৯ নভেম্বর কল্ল্যাণপুরের ৭ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সামনে থেকে অপহরণকারীরা রাব্বিকে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এর পরপরই অপহৃতের বাবা আনোয়ার হোসেনের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। এ ঘটনায় ২০ নভেম্বর আনোয়ার হোসেন বাদী হয়ে মিরপুর থানায় একটি অপহরণ মামলা করেন।
র্যাব ও পুলিশ ঘটনা তদন্তের পর গত মঙ্গলবার রাতে পাবনার সাথিয়ার হুইখালী বিল থেকে রাব্বির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। ঘটনাটির অধিকতর তদন্ত শেষে র্যাব জানতে পারে রাব্বির সঙ্গে ইয়াবা ব্যবসায়ী কল্যাণপুরের শাহনুর ও সালাম বন্ধুত্ব গড়ে তুলে। অপহরণের দিন রাব্বিকে বেড়াতে যাওয়ার কথা বলে সালাম ও শাহনুর সেখানে নিয়ে যায়। গত ২২ নভেম্বর হত্যার পর লাশ বিলে ফেলে দেয় অপহরণকারীরা। হত্যার পরও তারা মোবাইলে রাব্বির বাবার কাছে দফায় দফায় মুক্তিপণ দাবি করে। সর্বশেষ লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা আগেও তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
