দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আল আমিন (২০) ও রুবেল হোসেন (২১)। তারা বিজিবি-২৯ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পে কর্মরত ছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, শুক্রবার বেলা দুইটার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উপজেলার রাজারামপুর এলাকায় শান্ত-কান্ত রাইস মিলের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বিজিবি সদস্য আহত হন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জেলার নবাবগঞ্জ উপজেলায় বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ কিছু ফেনসিডিল জব্দ করে। আমিন ও রুবেল জব্দ করা মোটরসাইকেলটি চালিয়ে ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা আহত যান। এ সময় পিছনে পিকাপে থাকা বিজিবির সহকর্মীরা দুই জনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। পরে তল্লাশি চালিয়ে ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।
