ফুলবাড়িতে সংঘর্ষ, গুলি

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ২৩:৫৬

দিনাজপুরের ফুলবাড়িতে গতকাল শুক্রবার বিজিবি-এলাকাবাসী সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। ট্রাক চাপায় দুই বিজিবি সদস্য নিহত হওয়ার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করলে বিজিবি সদস্যরা তাদের মারধর করে ও দোকানপাটে ভাংচুর চালায়। এক পর্যায়ে তারা গুলি করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৪)। তিনি উপজেলার ভিমলপুর গ্রামের রহিমুদ্দিনের ছেলে। আহতদের মধ্যে ১০ জন বিজিবি সদস্যও রয়েছেন। বিক্ষুব্ধ জনতা ফুলবাড়ি-দিনাজপুর সড়ক অবরোধ করে এ ঘটনার প্রতিবাদ জানায়। সংঘর্ষ চলাকালে বিজিবি’র এক সদস্যের এসএমজি’র ৩০ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন খোয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে দুই বিজিবি সদস্য ফুলবাড়ি থেকে নিজেদের ব্যাটালিয়নে যাচ্ছিলেন। এ সময় উপজেলার রাজারামপুর ময়দা মিল এলাকায় দিনাজপুর থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-৭৭০৮) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতরা হলেন ২৯ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী মো.আল-আমিন (২০) ও মো.রুবেল (২০)। এ ঘটনায় কয়েকটি ট্রাক আটক করে বিজিবি। এ নিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে রাজারামপুর ময়দা মিল ও ভিমলপুর মোড়ে স্থানীয়দের বচসা হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের ওপর লাঠিচার্জসহ দোকানপাটে ভাংচুর চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন।
কিছুক্ষণ পর কয়েক প্লাটুন বিজিবি সদস্য ঘটনাস্থলে আসলে স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে ফেলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যরা এসে অবরোধ তুলে দেয়ার চেষ্টা চালান। কিন্তু স্থানীয়দের ওপর বিজিবির হামলার বিচার দাবি করে এলাকাবাসী অবরোধ তুলতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা বিজিবি’র একটি পিকআপ ভ্যান ভাংচুর করলে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে রবিউল গুলিবিদ্ধ হন। এসময় বিক্ষুব্ধ জনতার ইটপাটকেলের আঘাতে বিজিবি সদস্যরা আহত হন।