পাক-ভারত কুটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতকেই দোষ দিয়েছেন। তিনি বলেছেন, ভারত ইচ্ছা করলে সম্পর্ক সুন্দর রাখতে পারতো। নরেন্দ্র মোদী ভারতের নতুন প্রধানমন্ত্রী হবার পর সম্পর্ক ভালো করার যে ইঙ্গিত দিয়েছিলেন তা ধরে রাখতে না পারার ব্যর্থতা মোদীর সরকারের।
নওয়াজ বলেছেন, ভারতে নিয়োজিত পাকিস্তানের একজন হাই কমিশনার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদি নেতাদের সঙ্গে সাক্ষাত্ করার পর থেকে এই সম্পর্কের অবনতি। কিন্তু এর আগেও পাকিস্তানি নেতারা কিংবা হাই কমিশনার কাশ্মীরের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। তখন এ ব্যাপারে ভারত হৈ চৈ করেনি। কিন্তু এবার অজ্ঞাত কারণে তুমুল শোরগোল তুলে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ককে খারাপ দিকে নিয়ে গেল। এর প্রভাব পড়েছে কাঠমান্ডুর সার্ক সম্মেলনে।
কাঠমান্ডুতে সার্ক সম্মেলন শেষে দেশে ফিরে যাবার সময় বিমানের মধ্যে বসে সাংবাদিকদের এসব কথা বলেন শরিফ। তিনি বলেন, কয়েকমাস আগে এই একটা অভিযোগে দিল্লি-ইসলামাবাদ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাতিল করেছিল ভারত। এই বৈঠক বাতিল না করলে দুই দেশের সম্পর্ক ভালোর দিকে যেত। শরিফ আরো বলেন, সব ইস্যুত ভারতের সঙ্গে কার্যকর সংলাপে বসতে পাকিস্তান এখনো রাজি। পাকিস্তান প্রধানমন্ত্রী আরো বলেন, কাশ্মরীসহ অনেক ইস্যূ আছে আমাদের মধ্যে। এর সবগুলো বিষয়ে ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান। তবে তা হতে হবে কার্যকর সংলাপ।
ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের মর্যাদা কিংবা ভাবমূর্তি কারো দ্বারা ক্ষুন্ন হোক তিনি তা মেনে নেবেন না। বিক্ষোভে দেশের কোনো ক্ষতি হলে তা মানা হবে না। জনগণ বিক্ষোভের জন্য ইমরান খানকে ভোট দেয়নি উল্লেখ করে নওয়াজ বলেন, এটা ইমরানের দলীয় নয়, ব্যক্তিগত আন্দোলন। তার বিক্ষোভ জাতীয় উদ্দেশ্যে হলে, এসব করতে পারতেন না।
