বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ২৬

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১২:০৪
শুক্রবার ভোরে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার 'এফবি বন্ধন' ডুবে যায়। কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে এ ঘটনায় এখনো ২৬ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার একটি মৃতদেহ ও জীবিত ২ জনকে উদ্ধারের পর আর কোনো মৃতদেহ কিংবা জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। শনিবারও নিখোঁজদের স্বজনদের চট্টগ্রামের একে খান ঘাটে ভিড় করতে দেখা যাচ্ছে। ঘটনার পর থেকে নৌবাহিনী ও কোস্টগার্ডের ৪টি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ডুবে যাওয়া ট্রলারে ২৯ জন মাঝিমাল্লা ছিলেন বলে জানা গেছে। 
নৌবাহিনীর চট্টগ্রাম দফতরের চোরাচালান প্রতিরোধ সেলের কমান্ডার লে. কমান্ডার জসিমুজ্জামান জানান, চট্টগ্রামের বেঙ্গল ফিশারিজ লিমিটেডের মালিকানাধীন এফবি বন্ধন নামের ওই ফিশিং ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার সময় বসুন্ধরা-৮ নামের সিঙ্গাপুরগামী একটি জাহাজ ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার অভিযান সার্বিকভাবে সফল করতে নৌবাহিনী তৎপরতা চালাচ্ছে।