তুরস্কে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে শনিবার ইস্তাম্বুল যাচ্ছেন পোপ ফ্রান্সিস। তিনি সেখানে মুসলিম ও খ্রিস্টান নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।
১৪৫৩ সালে অটোম্যান শাসকদের দখলের আগ পর্যন্ত বাইজানটাইনের রাজধানী ছিল কনস্ট্যান্টটিনোপল বা আজকের ইস্তাম্বুল।
পোপ ইস্তাম্বুলে একটি মসজিদ পরিদর্শন করবেন এবং ক্যাথলিকদের একটি গীর্জায় প্রার্থনাসভায় যোগ দেবেন।
শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারা সফরকালে তিনি চরমপন্থা ও মৌলবাদ মোকাবেলায় সর্বধর্মীয় সংলাপের আহবান জানান।
পোপ ফ্রান্সিস চতুর্থবারের মত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক সফর করছেন। দেশটিতে আট কোটি লোক মুসলমান এবং এক কোটি ২০ লাখ লোক খ্রিস্টান।
শনিবার হাজিয়া সোফিয়া মসজিদ পরিদর্শনের মধ্য দিয়ে পোপের ইস্তাম্বুল সফর শুরু হবে। এটা প্রায় এক হাজার বছর ধরে অর্থোডক্স খ্রিস্টানদের গীর্জা ছিল। পরে অটোম্যানদের আমলে এটা মসজিদে পরিণত হয়। বর্তমানে এটি একটি জাদুঘর।
তিনি অটোম্যান আমলের অন্যতম সাক্ষ্য বহনকারী ব্লু মসজিদে মুসলিম নেতৃবন্দের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
