দুই বিজিবি সদস্যের লাশ গ্রামের বাড়িতে প্রেরণ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৫:৩৭
দিনাজপুরের ফুলবাড়িতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নিহত দুই বিজিবি সদস্য আল-আমীন (২০) ও রুবেলের (২০) লাশের নামাজে জানাজা এবং গার্ড অব অনার শেষে শনিবার তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। নিহত ঐ দুইজন বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
নিহত আল-আমীন লক্ষ্মীপুর জেলার চাঁদখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং রুবেল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার মুলাখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এদিকে শুক্রবার (২৮ নভেম্বর) বিজিবি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে বিজিবি সদস্যের খোয়া যাওয়া গুলি ভর্তি এসএমজি’র ম্যাগজিনটি পুলিশ ওইদিন রাত ১০টা ১০মিনিটে উপজেলার রাজারামপুর এলাকার ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে বিজিবির হাতে আটক রাজারামপুর গ্রামের তিনজনকে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। এরা হলেন, ফ্যাক্সিলোড ব্যবসায়ী নারায়ণ চন্দ্র মহন্ত (৫০) ও তার ছেলে যুগল চন্দ্র মহন্ত (১৮) এবং বারাই খাজাপুর গ্রামের নিলু চন্দ্র মহন্তের ছেলে প্রশান্ত মহন্ত (২৩)।