সাতকানিয়া ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৭:৪০
 
 
চট্টগ্রামের সাতকানিয়ায় মার্কেটে নির্মাণের বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় স্থানীয় এক ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঐ রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মো. আবু তাহের (৩২)। তিনি দেওদীঘি এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে এবং স্থানীয় দেওদীঘি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওদীঘি বাজার এলাকার একটি জায়গা নিয়ে নাছির ও আবুল হোসেন নামে দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশি বৈঠকও বসেছে। গত কয়েক দিন আগে থেকে ঐ বিরোধপূর্ণ  জায়গায় আবুল হোসেন মার্কেট নির্মাণের কাজ শুরু করলে নাছির তার পক্ষের লোকজন নিয়ে শুক্রবার রাত আটটার দিকে নির্মাণ কাজে বাধা দেয় এবং গুলিবর্ষণ করে। এতে ঐ এলাকার মুদির দোকানদার ও ব্যবসায়ী নেতা তাহের গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয় ব্যবসায়ী ও স্বজনেরা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আবু তাহের (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলি নগর এলাকার মো. হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।