টাঙ্গাইল থেকে অপহূত দুই যুবককে মেহেরপুরের গাংনী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে গাংনী থানা পুলিশ উপজেলার সানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকরা হলেন, টাঙ্গাইল ভূয়াপুর উপজেলার কুঠিবয়রা গ্রামের আজহার শেখের ছেলে উজ্জল হোসেন (৩২) ও একই গ্রামের মহিরুল ইসলামের ছেলে বাবু (২৮)।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলামিন হোসেন (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। মহির উদ্দীন গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের দুল্লু মিয়ার ছেলে।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, টাঙ্গাইল থেকে অপহরণ হয়ে আসা দুই যুবককে গাংনীর সানঘাট গ্রামের আব্দুল মজিদের বাড়িতে আটকিয়ে রাখা হয়েছে মোবাইলে এমন মেসেজ পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজনসহ অপহরণকারীরা পালিয়ে যায়। এ সময় অপহূত দু যুবককে উদ্ধার ও অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে আলামিন হোসেনকে আটক করা হয়েছে।
আটক আলামিন হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া উদ্ধার হওয়া যুবকদের টাঙ্গাইল পুলিশের সোপর্দ করা হয়েছে।
