মানববন্ধনে চালককে গ্রেপ্তারের দাবি

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ০৩:৪৪

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সেবিকা নাসিমা আক্তার বাসের চাপায় নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও দায়ী চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। নারায়ণগঞ্জ ৩০০ ও ১০০ শয্যা জেনারেল হাসপাতালের সেবিকা, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে শফিউল আজম বলেন, দোষী গাড়িচালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার জন্য তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান এবং সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চিকিৎসক ইকবাল বাহার চৌধুরী, শফিউল আলম, অলোক কুমার সাহা, সেবক জবেদ আলী এবং ১০০ শয্যা হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সাউদ নূর। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শফিউল আজম।