ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন স্বয়ংক্রিয় লেনদেন (অটোমোটেড ট্রেডিং) ব্যবস্থা চালুর বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বিশদ ধারণা দিতে যাচ্ছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা কেমন হচ্ছে, তা দেখানো হবে। পাশাপাশি নতুন ব্যবস্থার ওপর চলমান পরীক্ষামূলক লেনদেনের ত্রুটি-বিচ্যুতি এবং তার সমাধান তুলে ধরা হবে। আগামীকাল ও ১০ ডিসেম্বর বিএসইসি কার্যালয়ে এ প্রেজেন্টেশন করা হবে। সম্প্রতি বিএসইসিকে এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে— নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর জন্য নাসডাক ওএমএক্সের কাছ থেকে ম্যাচিং ইঞ্জিন ও ফ্লেক্সট্রেড সিস্টেমসের কাছ থেকে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) নেয়া হয়েছে। ফ্লেক্সট্রেড সিস্টেমসের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) ওপর আগামী ১ ডিসেম্বর ও নাসডাক ওএমএক্সের ম্যাচিং ইঞ্জিনের ওপর ১০ ডিসেম্বর দুটি প্রেজেন্টেশন দেয়া হবে।
এ দিকে, আগামী ১১ ডিসেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে আনুষ্ঠানিকভাবে নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর প্রস্তুতি নেয়া হয়েছে। এ লক্ষ্যে ২৪ নভেম্বর থেকে ডিএসইর ব্রোকারেজ হাউসগুলোর প্রায় ৪০০টি ট্রেডিং ওয়ার্ক স্টেশন থেকে একযোগে পরীক্ষামূলক লেনদেন (মক ট্রেডিং) চালু করা হচ্ছে। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে নির্ধারিত সময়ে চালু হবে নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা। গত ২১ মার্চ অটোমোটেড ট্রেডিং প্ল্যাটফর্ম চালুর জন্য নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড সিস্টেমসের সঙ্গে চুক্তি সই করে ডিএসই। ফলে নয় মাসের মধ্যে আধুনিক প্রযুক্তির অটোমোটেড ট্রেডিং প্ল্যাটফর্ম চালু করবে ডিএসই। 