চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারবকুন্ড শ্রী শ্রী তীর্থধাম (অগ্নিকুন্ড) মন্দির থেকে চুরি করে নিয়ে যাওয়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের শিব মূর্তিটি রবিবার দুপুর ২টায় উদ্ধার করেছে ফেনী র্যাব ৭। চুরির অভিযোগে ৪ জনকে আটক করেছে র্যাব। ফেনী ক্যাম্পের অধিনায়ক ও পরিচালক মেজর এএইচ এম মহি উদ্দিন রবিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ফেনী র্যাব অফিস সূত্র জানায়, র্যাব-৭ চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারবকুন্ড শ্রী শ্রী তীর্থধাম (অগ্নিকুন্ড) নামক মন্দির থেকে পাঁচারকারীরা একটি শিব মূর্তি চুরি করে নিয়ে যায়। কষ্ঠিপাথরের তৈরী ৭০ কেজি ওজনের এই মূর্তিটির মূল্যে প্রায় দেড় কোটি টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পাঁচারকারীরা চোরাইকৃত মূর্তিটি বিক্রি করার জন্য সিএনজিযোগে চট্টগ্রাম জেলার বারৈয়ারহাটে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ছদ্দবেশে বাস স্ট্যান্ডের আশপাশে ওৎ পেতে থাকে। রবিবার বেলা ২টার সময় সিএনজির চালকসহ ৪ জন লোককে সিএনজির পেছনের সিটে চটের বস্তায় কিছু নিয়ে যাচ্ছে দেখে সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে তাদের দাঁড় করে সিএনজিতে থাকা লোকদেরকে আটক করা হয়। এরপর উপস্থিত লোকজনের সামনে চটের বস্তাটি তল্লাশি চালিয়ে শিব মূর্তিটি উদ্ধার করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন, সুবল বড়ূয়ার ছেলে বিনাল বড়ুয়া (২৭), ভাগ্যশ্বর বড়ুয়ার ছেলে জনি বড়ুয়া (২৬), মরণ বড়ুয়ার ছেলে রণজিৎ বড়ুয়া (২৫)। সবার গ্রামের বাড়ী চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মায়ানী বড়ুয়াপাড়ায়। অপরজন বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব টিলা গ্রামের বিপুল মিত্রের ছেলে সুমন মিত্র (২১)।
তারা ২৮ নভেম্বর রাতে মূর্তিটি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারবকুন্ড শ্রী শ্রী তীর্থধাম (অগ্নিকুন্ড) মন্দির থেকে চুরি করে। এরপর মূর্তিটি অপর একটি পাঁচারকারী চক্রের নিকট বিক্রি করার জন্য বারৈয়ারহাট নিয়ে আসে। আটককৃতদের গ্রেফতার করে ফেনী র্যাব ক্যাম্পে নিয়ে আসে। মূর্তিটি চুরির ব্যাপারে বারবকুন্ড শ্রী শ্রী তীর্থধাম (অগ্নিকুন্ড) মন্দির কমিটির সভাপতি কালি নারায়ন ভারতী সিতাকুন্ড থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
