নারায়ণগঞ্জে শিশু জিহাদ হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ২০:০১
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শিশু জিহাদ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের একই সঙ্গে আরো করা হয়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— ফতুল্লা থানার ধর্মগঞ্জ বেপারীপাড়া এলাকার মো. কাদের মিয়ার ছেলে সাদেক, ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার ফয়েজউদ্দিন বেপারীর ছেলে ওয়াসিম ও বরিশাল জেলার গলাচিপা থানার গিলাবাড়ি এলাকার মুসলিম মিয়ার ছেলে মো. সালাম। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার ইয়াকুব আলীর ছেলে স্বপন ও ফতুল্লা থানার ভূইগড় এলাকার ওয়াসিম মিয়ার স্ত্রী লাকি আক্তার।
খালাসপ্রাপ্ত আসামি ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার ইবরাহিম হোসেন ভুলু ওরফে ভুলু বেপারীর ছেলে শাকিল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাদেক ও স্বপন এবং খালাসপ্রাপ্ত আসামি শাকিল আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি আসাদুজ্জামান ও সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন জানান, ২২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ বেপারীপাড়া এলাকা থেকে ২০১১ সালের ২৬ জুন মাত্র সাড়ে ৪ বছর বয়সী শিশু মোহাম্মদ জিহাদকে অপহরণ করা হয়। অপহরণকারীদের চিনে ফেলবে সে আশঙ্কাকাতে জিহাদকে ২৭ জুন সোমবার সন্ধ্যা ৭টায় ঘুমন্ত অবস্থায় তোয়ালে মুড়িয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর উপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় নিহতের বাবা মাসুমা আকতার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।