উখিয়ার উপকূলীয় এলাকা মনখালী গ্রামের স্কুল ছাত্রীকে অপহরণ করে রাতভর গভীর জঙ্গলে আটকে রেখে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্থ পরিবার সোমবার উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনখালীতে ৩য় শ্রেণির এক ছাত্রী শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে কুপি বাতির আলোতে পড়ালেখা করছিল। ছাত্রীর মা জানান, পার্শ্ববর্তী বাড়িতে ঝিয়ের কাজ করার সুবাদে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। এসুযোগে মনখালী গ্রামের মৃত হামিদ উল্লাহর ছেলে আবদুস সালামসহ (৩০) ৪ জন দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায় তার মেয়েকে। ভুক্তভুগী জানায়, দুর্বৃত্তরা তাকে এক কিলোমিটার অদূরে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে রাতভর পাশবিক নির্যাতন চালায়। ভোর সকালে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে এ ঘটনা প্রকাশ না করার জন্য হুমকি প্রদর্শন করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জহির উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
