ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা তিন হাজার জনকে আসামি করা হয়েছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, গাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ 'শ জনকে আসামি করে একটি মামলা করে, অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃথক দুটি মামলায় অজ্ঞাতনামা আরো ১৫ 'শ জনকে আসামি করা হয়েছে। তবে ঘাতক ড্রাইভার জাহিদুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান তিনি।
তিনি আরো জানান, এসব মামলায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, রবিবার দুপুরে ইবির প্রধান ফটকে বাসচাপায় তৌহিদুর রহমান নামের এক ছাত্রের মৃত্যু হয়। এর জের ধরে উত্তেজিত শিক্ষার্থীরা ৩৫টি বাস পুড়িয়ে দেয়। ভাংচুর করেন আরো ৮-১০টি বাস। এছাড়া প্রশাসনিক ভবনসহ কয়েকটি ভবনে হামলা চালায় তারা।
এদিকে বাস পোড়ানোর প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট চলছে। সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়যনি। রাস্তা দিয়ে অন্য জেলার কোনো বাসও যেতে দেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন হল ছাড়ার নির্দেশ পাওয়া ইবির ছাত্রছাত্রীরা।
