হিউজের কফিন বহন করবে ক্লার্ক

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৪:৫৬



ক্রিকেট বলের আঘাতে ফিল হিউজের মৃত্যুর পর থেকেই শোকে কাতর অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। হিউজকে নিজের ভাইয়ের জায়গাও দিয়েছেন। এবার সেই ভাইয়ের কফিন নিজের কাঁধে তুলবেন ক্লার্ক। বুধবার হিউজের শবযাত্রা অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচ চলার সময় বাউন্সারের আঘাতে মাথায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তিনি কোমায় ছিলেন। অবশেষে বৃহস্পতিবার পৃথিবীর মায়া ত্যাগ করেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।

এ পর্যন্ত ২৬টি টেস্ট খেলা ফিল হিউজ মঙ্গলবার বলের আঘাতে আহত হওয়ার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচারও করা হয়।

এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়ে বলা হয়, আহত হওয়ার পর থেকে গত দুদিনেও তাঁর জ্ঞান ফেরেনি।

মৃত্যুর সময় তাঁর আত্মীয়স্বজন এবং বন্ধুরা পাশে ছিল।

হিউজের মৃত্যুতে ক্রিকেট কমিউনিটি শোক প্রকাশ করেছে।

চিকিৎসকরা হিউজের এই আঘাতকে দ্রতগতিসম্পন্ন গাড়ি দুর্ঘটনার সাথে তুলনা করেছেন।