ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চালু হয়েছে। এর আগে ঘন কুয়াশায় ঢাকা পরায় সোমবার দিবাগত রাত ৪টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ-নদীতে আটকা পরে অর্ধ সহস্রাধিক যাত্রীসহ তিনটি ফেরি। কনকনে শীতের মধ্যে যাত্রীসাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি ছাড়া হয়।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার মো. জসিমউদ্দিন জানান— ঘন কুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া, ঘন কুয়াশার কারণে লঞ্চ ও স্পিট বোড চলাচলও বন্ধ ছিল। তবে ঘণ্টা চারেক পর কুয়াশা কেটে গেলে সব রকম নৌযান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নাইট কোচসহ দুই পারে তিন শতাধিক যান পারাপারে অপেক্ষায় ছিল।
