সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছনে সাকিব আল হাসান। এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার বোর্ড সভায় বিদেশি লিগে খেলার ব্যাপারে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে সাকিব বিসিবির কাছে আবেদন করেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বোর্ড মিটিংয়ে। আশা করি ওই মিটিংয়েই সাকিবের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
অসদাচরণ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত জুলাইয়ে ৬ মাসের জন্য সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে বিসিবি।
১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলার ক্ষেত্রে তার এই নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড ।
বিদেশি লিগের খেলার প্রশ্নে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে ।
নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে পারেন তিনি। বিগ ব্যাশ ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
