বাণিজ্য বৃদ্ধির জন্য ইইউ বিজনেস কাউন্সিল গঠন করবে : তোফায়েল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ২১:৩১
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি ঔষধ, জাহাজ এবং আইসিটি আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশি পণ্য আমদানি ও সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশস্থ ইইউ ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট চেম্বার্স অব কমার্স সমূহের ব্যবসায়িক নেতৃবৃন্দ ’ইউরোপিয়ান ইউনিয়ন বিজনেস কাউন্সিল’ গঠন করবে। বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিই যার মুখ্য উদ্দেশ্য।
মঙ্গলবার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ানের রাষ্ট্রদূত পিয়ারি মেয়াওড’র সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের বর্তমান রপ্তানি ৩০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের অর্ধেকের বেশি রপ্তানি হয় ইরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশে। ভবিষ্যতে বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা আরো বৃদ্ধি করতে আগ্রহী।