ওয়ানডে বোলারদের সেরা পাঁচে সাকিব

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ২৩:৪১

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১২ দশমিক ৩৬ গড়ে ১১টি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। পরিসংখ্যান বলছে, সিরিজে সাকিবই সেরা বোলার। এবার সেটার প্রমাণ মিললো আইসিসির র্যাংকিংয়েও। ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে সেরা পাঁচে উঠে এসেছেন এই বাঁ-হাতি অফ স্পিনার।

সাকিব সিরিজ শুরু হওয়ার আগে র্যাংকিংয়ে ছিলেন নবম স্থানে। এই যাত্রায় চার ধাপ এগিয়ে গেলেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৮০। বিশ্ব র্যাংকিংয়ে অবশ্য তার সাথে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিশেল জনসন। সাকিবের চেয়ে গোটা বিশ্বে র্যাংকিংয়ে এগিয়ে আছেন কেবল চারজন—সাইদ আজমল (পাকিস্তান), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।
শুধু সাকিব নন, বাংলাদেশের অন্য বোলারদের র্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। প্রথম তিন ম্যাচ খেলে ১০ উইকেট নেয়া বাঁ-হাতি অফ স্পিনার আরাফাত সানি ২২ ধাপ এগিয়ে এখন তিনি আছেন ৭৪-এ। আর নয় উইকেট পাওয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আছেন ২১-এ। এখানে তিনি এগিয়েছেন নয় ধাপ।
র্যাংকিংয়ে উন্নতি এসেছে ব্যাটসম্যানদের মধ্যেও। সিরিজে সর্বোচ্চ ২১৩ রান করা মুশফিকুর রহিম চার ধাপ এগিয়ে ৩৩-এ অবস্থান করছেন। এটাই এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সর্বোচ্চ র্যাংকিং।

মুশফিক ছাড়াও এগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাঁচ ম্যাচে ১৭৯ রান করে র্যাংকিংয়ের দিক থেকে তিনি এগিয়েছেন ১৪ ধাপ। ফলে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তার অবস্থান এখন ৬২।