বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহূত জেলেদের মধ্যে ১১ দিন পর মুক্তিপণ দিয়ে গতকাল মঙ্গলবার অপহূত ২টি ট্রলারসহ আরও ৪১ জেলে ফিরে এসেছে। এদের বাড়ি বরগুনার তালতলী, কলাপাড়ার মহিপুর, পাথরঘাটা, বরগুনা সদর ও মঠবাড়ীয়া এলাকার বিভিন্ন গ্রামে। এবারের মুক্তি পাওয়া ৪১ জেলে নিয়ে তিন দফায় জলদস্যুদের কবল থেকে ৯৭ জেলে ফিরে এসেছে।
জানা গেছে, তালতলীর দক্ষিণ বঙ্গোপসাগরের লাল দিয়ারচর ও পক্ষী দিয়ারচর সংলগ্ন এলাকায় ২১ নভেম্বর রাতে মাছ ধরা অবস্থায় তালতলী, কলাপাড়ার মহিপুর, পাথরঘাটা ও বরগুনা এলাকার দেড় শতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে সুন্দরবনের একদল জলদস্যু অপহরণ করে নিয়ে যায়। জন প্রতি ৮০ হাজার থেকে এক লক্ষ টাকা করে মুক্তিপণ দিয়ে জেলেরা তাদের নিজ বাড়ি ফিরে এসেছে। ফিরে আসা তালতলীর জেলে কাসেম মাঝি ও সেন্টু মাঝি জানান, জলদস্যুরা তাদেরকে অপহরণ করে নেয়ার পর সুন্দরবনের গহীনে বিভিন্ন খালের মধ্যে ট্রলারেই রেখেছিল। জলদস্যুরা তাদেরকে মারধরসহ অমানুষিক নির্যাতন করেছে এমনকি ঠিকমত খাবারও দেয়নি।
