শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: কলারোয়ার বিএনপির যুগ্ম সম্পাদক গ্রেফতার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ১৪:২৪
প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুগেখালি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার যুগেখালি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা সংক্রান্ত মামলা রেকর্ড করার জন্য চলতি বছরের ১৫ অক্টোবর কলারোয়া থানাকে নির্দেশ দেন সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলা রেকর্ডের পর এ মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয় এবং চেয়াম্যান রবিউল ইসলামকে গ্রেফতার করা।
প্রসঙ্গত, কলারোয়ায় এক মুক্তিযোদ্ধোর স্ত্রী গণধর্ষণের স্বীকার হলে তাকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে বিএনপি নেতা ও সাতক্ষীরা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়। এ হামলায় কয়েকজন আহত হন।
এ ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোসলেমউদ্দিন বাদী হয়ে একটি মামলা করে। মামলাটি কলারোয় থানা পুলিশ গ্রহণ না করায় আদালতে অভিযোগ করা হয়। আদালত তদন্তের নির্দেশ দিলে কলারোয়া থাকা পুলিশ বিষয়টি সত্য নয় মর্মে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে অভিযোগটি খারিজ হলে মোসলেমউদ্দিন উচ্চ আদালতে রিভিউ আবেদন করেন। সম্প্রতি উচ্চ আদালত মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সাতক্ষীরা আদালতকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর সাতক্ষীরা চিফ জুডিশিয়াল আদালত কলারোয়া থানাকে মামলাটি রেকর্ড করার জন্য নির্দেশ দেন।