কোপা ডেল রে’তেও অপ্রতিরোধ্য রিয়াল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ১৬:২২



কোপা ডেল রে’তেও নিজেদের আধিপত্য ঠিকই ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গতকাল সানতিয়াগো বার্নাব্যুতে তৃতীয় বিভাগের দল কোরনেলাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৯-১ ব্যবধানে এগিয়ে থেকে স্প্যানিশ জায়ান্টরা শেষ ১৬ নিশ্চিত করেছে।
কাল দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিংবা গ্যারেথ বেলের মতো তারকারা। কিন্তু কার্লো আনচেলত্তির তরুণ দলটি নিজেদের প্রমাণের সুযোগ বেশ ভালভাবেই সেড়ে নিয়েছে। তারকাদের অনুপস্থিতি এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি তরুণরা। আর তাদের এই সাফল্যে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৭ ম্যাচ জয়ের আরো একটি রেকর্ড গড়লো গ্যালাকটিকোরা। ম্যাচের ১৪ মিনিটের মধ্যেই কালকের ম্যাচের অধিনায়ক আলভারো আরবেলোয়া পেনাল্টি উপহার দেন সফরকারীদের। কিন্তু স্ট্রাইকার জাভি বনিকোয়ে রিয়ালের তৃতীয় পছন্দের গোলরক্ষক ফার্নান্দো পাচেকোর মাথার উপরে ক্রসবার টপকে বল বাইরে পাঠালে কাতালান ক্লাবটির এগিয়ে যাওয়া হয়নি। কিন্তু দুই মিনিট পরে কলম্বিয়ান রিক্রুট হামেস রদ্রিগেজ কোন ভুল করেননি। দারুণ এক লবের সাহায্যে রিয়ালকে এগিয়ে দেবার পরে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। বিরতির আগে নিজের তৃতীয় গোল পূর্ণ করেন রদ্রিগেজ। ৬০ মিনিটে বোরা লোপেজের আত্মঘাতি গোলে করনেলা আরো পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে বদলি খেলোয়াড় জেসে রড্রিগুয়েজ শেষ গোলটি করলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এটি ছিল ২১ বছর বয়সী তরুণ এই স্প্যানিয়ার্ডের আট মাস পরে প্রথম কোন বড় ম্যাচ। এই সময় তিনি গোঁড়ালির ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। বার্নাব্যুতে এই দারুণ জয়ের ফলে প্রথম দল হিসেবে শেষ ১৬’র টিকেট পেল রিয়াল। এবার তারা ২০তম শিরোপার জন্য মাঠে নেমেছে।