বগুড়ায় যুবদল সভাপতি ছুরিকাহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ১৭:২৮
 
বগুড়ায় নিজ দলের নেতাকর্মীদের ছুরিকাঘাতে সদর থানা যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রুবেল (৩৫) গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে শহরতলী সাবগ্রামে তার শ্বশুর বাড়িতে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার যুবদল নেতা রুবেল সদরের সাবগ্রাম এলাকায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিল। দুপুরে শহর যুবদলের যুগ্ম- সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কিসহ কয়েক জন রুবেলের শ্বশুর বাড়ির প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এসময় রুবেল এগিয়ে আসলে তারা রুবেলের পেটে ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( টিএসআই) শাহআলম জানান, আহত অবস্থায়  হাসপাতালে আনার পর রুবেল গোর্কিকে চিনতে পেরেছে বলে পুলিশকে জানিয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন প্রচুর রক্তক্ষরনের কারনে তার অবস্থা আশংকা জনক ।
জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার ও শহর যুবদল সভাপতি মাসুদ রানার সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।