খেলাপি ঋণ বিষয়ে বিশেষ তদারকি ইউনিট গঠন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ২১:১২
 
রাজনৈতিক অস্থিরতার কারণে বিশেষ সুবিধায় যেসব খেলাপি ঋণ নিয়মিত করা হয়েছিল, তা আবার খেলাপি হতে শুরু করেছে। ওই সময় বড় কয়েকটি শিল্প গ্রুপের ঋণ কোনো ডাউন পেমেন্ট ছাড়াই নিয়মিত করা হলেও শর্ত অনুযায়ী কিস্তি পরিশোধ করছে না তারা। ফলে আবারো খেলাপি হয়ে পড়ছে এসব ঋণ। এ বিষয়ে সার্বিক অবস্থা জানতে বিশেষ তদারকি ইউনিট গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শনের চারটি বিভাগ এবং বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগে স্ট্রেস অ্যাসেট মনিটরিং ইউনিট (সামু) নামে এ ইউনিট গঠন করা হয়েছে। প্রতিটি বিভাগে একজন করে উপমহাব্যবস্থাপক ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্যাংকগুলোয় তদন্তের সময় এ ইউনিট বিশেষ বিবেচনায় নবায়ন করা ঋণের সার্বিক অবস্থা তদন্ত করছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নিয়মিত পরিদর্শনে সব বিষয়ে নজর দেয়া সম্ভব হয় না। এ কারণে অনেকেই অনিয়ম করেও আড়ালে থেকে যাচ্ছে। এছাড়া ব্যাংকের ঝুঁকিতে থাকা ঋণের পরিমাণও দিন দিন বাড়ছে। এসব তদারকিতেই কাজ করবে বিশেষ এ ইউনিট।
জানা যায়, রাজনৈতিক অস্থিরতায় গত জুন পর্যন্ত বিশেষ ছাড়ে ঋণ নিয়মিত করার সুযোগ দেয়া হয়। বিশেষ বিবেচনায় এ সময় প্রায় ১৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করা হয়।
চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ২০০ কোটি টাকা। আর বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার কোটি টাকার বেশি। আর বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭০৭ কোটি টাকা।