বকেয়া বেতনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এবার আমরণ অনশন শুরু করেছে সিটিএল (কমন থ্রেড লিমিটেড) গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার রাত থেকে তারা এ অনশনের ঘোষণা দেয়।
এর আগে মঙ্গলবার সকাল থেকে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল কারখানাটির দেড় শতাধিক শ্রমিক। কারখানার মালিকপক্ষ, বিজিএমইএ বা সরকারের কেউ তাদের পাওনা আদায়ে উদ্যোগ না নেওয়ায় শেষ পর্যন্ত অনশনের কর্মসূচি পালন করা হচ্ছে বলে কারখানার শ্রমিকরা জানিয়েছেন।
অনশন কর্মসূচীতে নেতৃত্ব দিচ্ছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামে একটি সংগঠন।
সংগঠনের সভাপতি বাহারানে সুলতান ইত্তেফাককে বলেন, শ্রমিকদের চার মাসের পাওনা বকেয়া রয়েছে। পাওনার দাবিতে এখন শ্রমিকরা বাধ্য হয়েই আমরণ অনশন কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছে।
রাজধানীর হাজারিবাগে অবস্থিত কারখানাটির মালিকের নাম এম এ বারী। তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
২টি কারখানার শ্রমিকদের বিজিএমইএ ভবন ঘেরাও :
এদিকে বকেয়া বেতনসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বিকেলে রাজধানীর বিজিএমইএ ভবন ঘেরাও করে দু’টি পোশাক কারখানার শ্রমিকরা। বিকেল চারটার পর থেকে বিজিএমইএ কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করে উত্তর বাড্ডা এলাকার সুনডি নিটওয়্যার ও টোপাজ গার্মেন্টসের শ্রমিকরা।
শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সুনডি কারখানার শ্রমিকরা গত তিন মাসের বেতন পাননি। এছাড়া বেতন নিয়ে অনেকদিন ধরেই গড়িমসি করে আসছেন কারখানা কর্তৃপক্ষ। বেতন পাচ্ছেন না টোপাজ কারখানার শ্রমিকরাও। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও সমাধান না হওয়ায় বিজিএমইএ ভবন ঘেরাওয়ে বাধ্য হন শ্রমিকরা।
