পুনরায় ময়নাতদন্তের জন্য ডা. শামারুখ মাহজাবিন সুমীর লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালামের উপস্থিতিতে যশোরের কারবালা কবরস্থান থেকে তার লাশ তোলা হয়।
যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবিএম নাজমুল হুদাকে সভাপতি করে গঠিত তিন সদস্যের মেডিক্যাল বোর্ড ময়নাতদন্ত সম্পন্ন করবেন। মেডিক্যাল বোর্ডের অপর দুই সদস্য হলেন যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. হুসাইন সাফায়েত ও ডা. জেসমিন সুমাইয়া।
গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডিতে টিপু সুলতানের বাসা থেকে শামারুখকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঐ দিনই নিহতের স্বামী হুমায়ুন সুলতান সাদাব এবং হুমায়ুনের বাবা টিপু সুলতান ও মা জেসমিন আরা বেগমকে আসামি করে হত্যা মামলা করেন শামারুখের বাবা নুরুল ইসলাম।
প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে শামারুখ আত্মহত্যা করছেন বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নুরুল ইসলাম আবদেন করলে গত ২৫ নভেম্বর লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত।
এই হত্যা মামলায় রিমান্ড শেষে হুমায়ুন সুলতান কারাগারে রয়েছেন। অন্যদিকে জামিনে আছেন টিপু সুলতান ও ডা. জেসমিন।
