পাবনার চাটমোহরে বিষাক্ত চোলাই মদ পানে বুধবার ও বৃহস্পতিবার ৩ জনের মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় ২জন হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর মিশন গেট এলাকার মৃত মাইকেল গমেজের ছেলে ডমিনিক গমেজ (৫০), ভাদরা গ্রামের পরিমল রোজারিও’র ছেলে বিপ্লব রোজারিও (৩০) এবং পৌর সদরের চৌধুরী পাড়া মহল্লার মোন্তাজ আলীর ছেলে আব্দুস সাত্তার (৩৫)।
অসুস্থ দু’জন হলেন, উপজেলার লাউতিয়া গ্রামের দিলীপ গমেজের ছেলে অতুল গমেজ (৪০) ও ভাদড়া গ্রামের সাধন গমেজের ছেলে বাবলু গমেজ (৩২)। অবস্থার অবনতি হওয়ায় অতুল গমেজকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, খ্রিস্টান পল্লির ডমিনিক গমেজের বাড়িতে প্রায়ই মদের আসর বসে। স্থানীয়ভাবে তৈরি করা দেশি চোলাই মদ পান করে অসুস্থ হয়ে তিনি বুধবার মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে ডমিনিক গমেজের বাড়িতে মদ পান করেন তারা ক’জন। গভীর রাতে নিজ নিজ বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে ডমিনিক গমেজ মারা যান। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার বিপ্লব গমেজ পাবনা জেনারেল হাসপাতালে এবং আব্দুস সাত্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সবিজুর রহমান জানান, তাদের পাকস্থলি ওয়াস করেও অবস্থার উন্নতি না হওয়ায় তাদেরকে পাবনা ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত অথবা বিষাক্ত মদ পানে এমনটি হতে পারে। তবে পরীক্ষা না করে সঠিকভাবে বলা যাচ্ছে না।
থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ঘটনাটি শুনেছি। আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে চোলাই মদ তৈরি ও বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
