সাবেক এএসআই এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৭:১৫
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাব-১১ এর সাবেক  এএসআই বজলুর রহমান ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি হত্যাকাণ্ডের ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন এবং কিলিং মিশন থেকে শুরু করে লাশ নদীতে ফেলে দেয়ার পুরো ঘটনা বলেছেন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে সোমবার রাতে কুমিল্লা হতে বজলুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন। ওই দুটি মামলাতেই পৃথকভাবে জবানবন্দি দেন বজলুর রহমান।
উল্লেখ্য, ৭ খুনের দু’টি মামলায় এ পর্যন্ত র‌্যাবের ১৫ জন সদস্যসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র‌্যাব কর্মকর্তাসহ ১৬ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এছাড়া ঘটনার সাক্ষী হিসেবে ইতিমধ্যে ১৬ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।