চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের লিটন হত্যা মামলার মূল আসামি ঘাতক মানিককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ । তিনি দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে।বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার বেড়বাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে কানাইডাঙ্গা গ্রামের লিটন হত্যা মামলার মূল আসামি একই গ্রামের মানিককে গ্রেফতার করে।
উল্লেখ্য, বুধবার দুপুর ১২টার দিকে লিটন গ্রামের পাশ্ববর্তী মাঠ থেকে জ্বালানী কাঠ নিয়ে আসছিল। এসময় প্রতিবেশী আবু হানিফের ছেলে মানিক জ্বালানি কাঠগুলো তার নিজের দাবি করে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মানিক ক্ষিপ্ত হয়ে লিটনকে দা’ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে দামড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে বিকাল ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
