‘নিজের সন্তানের মত শিশুদের শিক্ষা দিন’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৮:২৯
বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি শিক্ষকদের উদ্দেশে বলেছেন, নিজের সন্তানের মত শিশুদের শিক্ষা দিন। আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। মন্ত্রী শিক্ষকদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ারও আহ্বান জানান। 
তিনি বলেন, পিএসপি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ পেলেও সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। 
বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন খোকনের সভাপতিত্বে ও সম্পাদক জাকির আলম ও শিক্ষক রিমা সরকারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, জেলা পরিষদ প্রশাসক মতিউর রহমান খান, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার ও পুলিশ সুপার জাকির হোসেন খান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মো: আলী রেজা, জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, পৌর মেয়র আব্দুল হক ভূঞা, জেলা আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু , আওয়ামী লীগ নেতা আসাদুল হক ভূঞা, শিক্ষক কামাল আহম্মেদ, আজিজুল হক প্রমুখ।
পরে মন্ত্রী প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করেন।