ইউটিউবের সীমা ছাড়াল 'গ্যাংনাম স্টাইল'

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৫
 
ইউটিউবের ভিডিও দেখার সীমা ছাড়িয়ে গেল গ্যাংনাম স্টাইল। এতদিন ইউটিউব একটি ভিডিও ২১৪৭৪৮৩৬৪৭ বার দেখার হিসাব রাখতে পারত। কিন্তু দক্ষিণ কোরিয়ার পপ তারকা সাই-এর করা মিউজিক ভিডিও তার চেয়েও বেশিবার দেখা হয়ে গেছে। ফলে প্রযুক্তিগত কারণেই ইউটিউবকে এখন একটি ভিডিও কতবার দেখা যাবে, তার সর্বোচ্চ সীমা বহুগুণ বাড়িয়ে নতুন করে নির্ধারণ করতে হয়েছে। সেই সংখ্যাটাও ধাঁধাঁ লাগার মতো।  ৯২২৩৩৭২০৩৬৮৫৪৭৭৫৮০৮ বা ৯ কুইন্টিলিয়নেরও বেশি।
ডিসেম্বরের ১ তারিখ এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, আমরা কখনো ভাবিনি যে কোন ভিডিও ২১৪ কোটির বেশি বার দেখা হবে, তবে সে কথা আমরা ভেবেছিলাম সাইয়ের আবির্ভাবের আগে।
গ্যাংন্যাম স্টাইল প্রথম ইউটিউবে ছাড়া হয়েছিল ২০১২ সালে, এবং প্রায় সাথে সাথেই এটা দক্ষিণ কোরিয়ার সীমা ছাড়িয়ে সারা বিশ্বে এক নম্বর হিট মিউজিক ভিডিওতে পরিণত হয়।
ইউটিউবের মালিক এখন গুগল। তারা কিছুদিন আগে বলেছে যে গুগলের ইঞ্জিনিয়াররা বেশ কয়েক মাস আগেই বুঝতে পেরেছিলেন যে 'গ্যাংন্যাম স্টাইলের'কারণে ইউটিউবের সিস্টেমের ক্ষমতা বাড়াতে হবে।
সে জন্যই তারা একটি ভিডিও কতবার দেখা যাবে তার সীমা ৩২ বিট থেকে বাড়িয়ে ৬৪ বিটে নিয়ে গেছেন। সূত্র: বিবিসি