বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনভর ওঠানামার পর শেষ পর্যন্ত সার্বিক মূল্য সূচক আগের দিনের তুলনায় কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
এদিকে লেনদেনের প্রথমদিনে হামিদ ফেব্রিক্সে শেয়ার দর বেড়েছে ৬১ দশমিক ৭১ শতাংশ। দিনের লেনদেনের শীর্ষেও রয়েছে এ কোম্পানিটি। ৮১ লাখ ৮৬ হাজার ২০০টি শেয়ার সারা দিনে ৩৪ হাজার ৩৫৫ বার হাত বদল হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৯৬ লাখ টাকা।
ডিএসইতে লেনদেনের প্রথম দিনে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৫৫ টাকা। আর সর্বোচ্চ দর ৬৯ টাকা।
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১৩ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৩৯ লাখ টাকা কম।
লেনদেনকৃত ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট কমে ১৫ হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১০ কোটি টাকা বেশি।
লেনদেনকৃত ২২১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসই জানিয়েছে, কোন ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে সাফকো স্পিনিংয়ের। অস্বাভাবিকভাবে দর বৃদ্ধির প্রেক্ষিতে ডিএসই’র দেয়া নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গত ৫ কার্যদিবসে এ শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।
