নগরায়ন ও শিল্পায়ন বিকেন্দ্রীকরণের তাগিদ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৯:২২
 
 
 
 টেকসই অর্থনৈতিক উন্নয়নে নগরায়ন ও শিল্পায়নকে শুধু ঢাকা কেন্দ্রিক না করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। অন্যদিকে বিনিয়োগকে উত্সাহ দিতে বিদ্যুত্, গ্যাস ও কম সুদে ব্যাংক ঋণ উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতেই হবে।
বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের আয়োজনে ৭ম পঞ্চম বার্ষিক পরিকল্পনা প্রণয়ন নিয়ে এক মতবিনিময় সভায় বক্তার এ কথা বলেন।
পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমাদের শিল্পায়ন ও নগরায়ন মূলত ঢাকা কেন্দ্রিক, একে বিকেন্দ্রীকরণ করতেই হবে। শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন আমরা চাই না। নগরায়ন ও শিল্পায়নের ভিত্তি হবে কোন একটি অঞ্চলের অর্থনীতিকে কেন্দ্র করে। যে এলাকায় কৃষিই প্রধান সেখানে কৃষিভিত্তিক নগরায়ন ও শিল্পায়ন গড়ে তুলতে হবে। আবার যেখানে শিল্পের কাঁচামাল জন্মায়  সেখানে শিল্পভিত্তিক  নগরায়ন গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বারের ৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় সবাইকে সম্পৃক্ত করেই করা হচ্ছে। প্রতিবন্ধী, নারী, হিজরা, হাওড় অঞ্চলের জনগোষ্ঠী, উপকূলীয় জনগোষ্ঠী, নদী ভাঙ্গনের শিকার যেসব জনগোষ্ঠী তাদেরসহ সব প্রান্তিক জনগোষ্ঠীকেই এবারের পঞ্চ বার্ষিক পরিকল্পনা প্রণয়নে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে কিন্তু সব জায়গায় উন্নয়নের ধরণ এক রকম হবে না। মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর হতে পারে কিন্তু দিনাজপুরে তা সম্ভব নয়। দিনাজপুরে হয়ত স্থল বন্দর আধুনিকায়ন করা যেতে পারে। সভায় বিভিন্ন ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।