ভালো কোন কিছুই সিপিডির চোখে পড়ে না: অর্থমন্ত্রী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ২১:০৫
 
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের  (সিপিডি) বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, প্রতিষ্ঠানটির মান দিন দিন নামছে। এটা এখন ভয়াবহ আকার ধারণ  করেছে। দেশের ভাল কোন কিছুই তাদের চোখে পড়ে না। এর বেশি তাদের সম্পর্কে আর কিছু বলার নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ধরনের মন্তব্য করেন।
এর আগে জার্মানির সমাজকল্যাণ ও শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়র্গ আমুসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সিপিডি একটি ‘থিংকট্যাংক’ (গবেষণা প্রতিষ্ঠান)। তারা তাদের অ্যাসেসমেন্ট প্রকাশ করে, যা আমাদের মনপুত হয় না।
জার্মান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জার্মান আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে ছিল। এখনো বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে তারা সহযোগিতা দিচ্ছে। তাদের এ সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে আর্থিক অনুদান বাড়ানোর বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।