যুবমৈত্রী নেতার হাত-পা ভেঙ্গে দিল আওয়ামী লীগ নেতারা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ০০:৩৩

রাজশাহীর তানোরে যুবমৈত্রী নেতা আবদুল জলিলকে (৩২) মারপিট করে একটি গভীর নলকূপ দখল করে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একদল নেতা-কর্মী। এতে আবদুল জলিলের হাত ও পা ভেঙ্গে গেছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও যুবমৈত্রীর নেতা-কর্মীরা। এলাকায় ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। তানোর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাপড়া গ্রামের সায়েদ আলীর পুত্র তানোর উপজেলা যুবমৈত্রীর সহ-সভাপতি আব্দুল জলিল (৩২) চাপড়া মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় গভীর নলকূপের অপারেটর হিসাবে নিয়োগ নিয়ে দীর্ঘদিন ওই গভীর নলকূপটি পরিচালনা করে আসছিলেন। গত বুধবার সকালে তানোর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাপড়া গ্রামের মৃত সাজাহানের পুত্র আইয়ুব আলী তার দলবল নিয়ে ওই গভীর নলকূপটি জোরপূর্বক দখলে নিতে তালা লাগিয়ে দেয়। এসময় অপারেটর আব্দুল জলিল বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে হাত ও পা ভেঙ্গে দেয়া হয়। তানোর থানার ওসি আনোয়ার হোসেন বলেছেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য এসআই রুবেলকে দায়িত্ব দেয়া হয়েছে।