মেসির হলুদ কার্ড বাতিলে লড়ছে বার্সা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৪:৪৩
লিওনেল মেসির হলুদ কার্ড বাতিল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ৷ রেফারির সিদ্ধান্তেরর বিরুদ্ধে টুর্নামেন্ট কমিটিতে করা আবেদন খারিজ হওয়ার পর এবার শীর্ষ পর্যায়ে আপিল করতে চলেছে স্পেনের এই ক্লাবটি৷
রবিবার স্বাগতিক ভালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচের শেষ মুহূর্তে সার্জিও বুসকেটসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা। গোল উদযাপন করার সময় বার্সেলোনার খেলোয়াড়দের লক্ষ্য করে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারা হয়। এতে মাথায় আঘাত পান লিওনেল মেসি। এতে রেফারির কাছে নালিশ করেন তিনি। উল্টো রেফারি তাকে সময় নষ্টের জন্য হলুদ কার্ড দেখান।
রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্পেনের ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটিতে প্রথমে আপিল করেছিল বার্সেলোনা। তবে টুর্নামেন্ট কমিটি রেফারির সিদ্ধান্তই বহাল রাখার কথা জানায়। বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এবার তারা আপিল কমিটিতে যাবেন। সূত্র: ওয়েবসাইট।