কেন্দুয়ায় ব্যবসায়ীকে গুলি করে ৫ লক্ষাধিক টাকা ছিনতাই

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৫:৪৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এনামুল হক (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এনামুল পৌর সদরের আইথর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা, পৌর সদরের সাউদপাড়া মোড় সংলগ্ন কলেজ রোডে এনামুল হকের ‘ওয়াসিম টেলিকম’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। সাউদপাড়া-রামচন্দধপুর সড়কের সাউদপাড়া এলাকার শৈলচূড়া বিদ্যাপীঠ সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে তিন মোটরসাইকেল আরোহী হঠাৎ রিকশাটির গতিরোধ করে। পরে রিকশা আরোহী এনামুল কী-না জানতে চাইলে তিনি হ্যাঁ সূচক উত্তর দিলে ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। না দিতে চাইলে এক পর্যায়ে ছিনতাইকারীরা এনামুলের শরীরের বিভিন্ন অংশে গুলি করে। এতে এনামুলের বামহাতে ৪টি ও বুকের নিচে ১টি এবং পেটের বামপাশে ১টি  গুলি লাগে। এ সময় সঙ্গে থাকা টাকার ব্যাগসহ ফ্লেক্সিলোড ও বিকাশ করার ৪/৫টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে এনামুলকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নক চিকিৎসার জন্য সেখান থেকে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিবারের লোকজনের দাবি, নামুলের কাছে নগদ প্রায় তিন লক্ষাধিক টাকা ও মোবাইল সেট, বিকাশ এবং ফ্লেক্সিলোডের প্রায় দুই লক্ষাধিক টাকার ব্যালেন্স ছিল।
শুক্রবার সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং  নেত্রকোনার সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) শাহজার হোসেন শরীফও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।