বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শেখ রফিকুল ইসলাম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট গ্রামের ছলেমান শেখের ছেলে।
বাগেরহাট মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাজেত আলী বিকেলে এই প্রতিবেদককে বলেন, শুক্রবার দুপুরে বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে পথচারী রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে পথচারী রফিকুল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃতবলে ঘোষণা করেন। পথচারী রফিকুল এসময় রাস্তার পাশের কৃষিজমিতে (মাঠে) কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। কাঁধে বাশ নিয়ে বাড়িতে ফেরার পথে অসাবধনতাবশত রাস্তা পার হতে গেলে অজ্ঞাত ওই যাত্রীবাহী বাসটি তাঁকে চাপা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বাসটি সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
